ঢাকা: দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ জাতীয় সংসদে বলেন, বর্তমান বিএনপি সরকার ব্যক্তিকে নয়, বরং পরিবারকেই উন্নয়নের মূল একক হিসেবে বিবেচনা করে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রশ্নটি টেবিলে উত্থাপিত হয়।
সংসদ নেতা ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেন, “বর্তমান সরকারের দর্শন হলো—ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল ভিত্তি।” তিনি আরও উল্লেখ করেন যে, নাগরিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি পরিবার-কেন্দ্রিক উন্নয়ন দৃষ্টিভঙ্গি থেকেই এই ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে ২০২৬ সালের ১০ মার্চ দেশের ১০টি জেলা ও তিনটি সিটি কর্পোরেশনের ৩৭ হাজার ৮১৪টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে দেশের প্রায় চার কোটি প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।
নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে তারেক রহমান আশা প্রকাশ করেন যে, নারী ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বৃদ্ধিতে ওই এলাকার দরিদ্র পরিবারের নারী সদস্যদেরও দ্রুতই এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
সূত্র: বাসস
