ডেস্ক রিপোর্ট: নাসিকের ২৩নং ওয়ার্ডে দীর্ঘদিনের পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে এ এলাকায় একটি মাত্র পাম্পের ওপর নির্ভরশীল থাকায়, পাম্প বিকল হলেই চরম ভোগান্তিতে পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে সিটি কর্পোরেশনের মেয়রের অবহেলার কারণে পাম্পগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে সমস্যা দিন দিন তীব্র আকার ধারণ করে।
তবে বর্তমান প্রশাসক ও সংসদ সদস্যের তত্ত্বাবধানে এবার বড় পরিসরে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ নতুন একটি ওয়াসার পাম্প উদ্বোধন করেন প্রশাসক ও সাবেক কাউন্সিলর আশা।
প্রশাসক জানান, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ২টি করে সাবমার্সিবল পাম্প স্থাপন করা হবে। অপরদিকে, সাবেক কাউন্সিলর আশা জানিয়েছেন, ২৩নং ওয়ার্ডে ৩টি সাবমার্সিবল পাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, নতুন সাবমার্সিবল পাম্পগুলো কদম রসুল মাঠপাড়া, রসুলবাগ এবং একরামপুর এলাকায় স্থাপন করা হবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্দর ব্লাড ডোনেট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের নুর সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের পানির সংকট দূর হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
