ডেস্ক রিপোর্ট: সারা বিশ্বে মানবাধিকারের বিষয়ে শিক্ষা দিচ্ছেন পশ্চিমা দেশগুলো, কিন্তু ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তারা কার্যত নীরব। শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এ অংশ নেওয়া বক্তারা এ উদ্বেগ প্রকাশ করেন, খবর বাসস।
ইবনে হালদুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইরফান আহমেদ বলেন, “পশ্চিমাদের মানবাধিকার বিষয়ক ধারণা গাজায় কাজ করছে না। এটি বিশ্বাসঘাতকতা নয়; বরং স্বার্থের বিরুদ্ধে গেলে তারা মানবাধিকার লঙ্ঘন করতেও কুণ্ঠাবোধ করে না।”
মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক ড. মাজলি বিন মালিক বলেন, “গাজায় যা ঘটছে, তা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন। অথচ যারা বারবার পৃথিবীকে মানবাধিকার শেখায়, তারা যেন গাজার দিকে তাকাতেই পারছে না।”
বক্তারা উল্লেখ করেন, গাজার বিষয়ে শক্তিশালী দেশগুলোর নীরবতা আধুনিক বিশ্বের অন্ধকার দিকের প্রতীক।
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শাফি মো. মোস্তফা সঞ্চালনা করেন। এছাড়া অংশ নেন লাহোর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মারইয়াম ওয়াসিফ খান, আরিজোনা স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ড. ইয়াসমিন সাইকিয়া, কোরিয়ার কিয়ন হি ইউনিভার্সিটির অধ্যাপক ড. অ্যালেক্স গুয়াং লি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়েদ নিজার।
বক্তারা সমালোচনা করেছেন, কেবল মানবাধিকার শেখানো নয়, বাস্তবে তা রক্ষা ও প্রয়োগে দৃঢ় মনোভাবের অভাব বিশ্বের এই সংকটকে আরও গভীর করছে।
