ডেস্ক রিপোর্ট: প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান উদ্বোধন করতে কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ৫ থেকে ১২ সেপ্টেম্বর তিনি কানাডার টরন্টো ও অটোয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সঙ্গে প্রবাসীদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় যোগ দেবেন। এসব সভায় প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধন, তথ্য যাচাই-বাছাই ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানের প্রক্রিয়া তুলে ধরা হবে।
সফরে প্রবাসীদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সিইসি সরাসরি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করবেন।
অফিশিয়াল কার্যক্রম শেষে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ব্যক্তিগত কারণে ভ্যাঙ্কুভারে অবস্থান করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। এ সফরে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার সিইসির সহযাত্রী হিসেবে থাকবেন।
