ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত ও সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে তাকে ডিবি হেফাজতে নিয়েছে, খবর ঢাকা পোস্ট।
ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর কে বি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সময় সুমাইয়া জাফরিন তার স্বামী মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে খুঁজছিল পুলিশ।
এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ।
