ডেস্ক রিপোর্ট: ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশ থেকে চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। নির্বাচিত সিনেমাটি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে। আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত সিনেমা জমা দেওয়া যাবে।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্কার বাংলাদেশ কমিটিতে জমা দিতে আগ্রহী পরিচালক-প্রযোজকের ছবিটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হতে হবে। শর্ত অনুযায়ী, সিনেমাটি ১ অক্টোবর ২০২৪-এর পর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে বাংলাদেশের প্রেক্ষাগৃহে কমপক্ষে ৭ দিন ধারাবাহিকভাবে বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে এবং সঙ্গে থাকতে হবে ইংরেজি সাবটাইটেল। এছাড়া, চলচ্চিত্রটির উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি পরিচালকের নিয়ন্ত্রণে নির্মিত হতে হবে।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) জানিয়েছে, জমা দেওয়ার সময় প্রযোজক বা স্বত্বাধিকারীকে আবেদন ফর্ম, প্রদর্শনীর প্রমাণপত্র, দুটি ডিভিডি/ব্লু-রে স্ক্রিনার বা একটি নিরাপদ ডিজিটাল লিঙ্ক, প্রেস কিট, গল্পের সংক্ষিপ্তসার এবং মূল ক্রেডিট যুক্ত করতে হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবারে ২৪টি শাখায় অস্কার প্রদান করা হবে।
সূত্র :টাইমস অফ বাংলাদেশ
