যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: বিমানবন্দরে জনদুর্ভোগ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির অভিযোগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিককে সতর্ক নোটিশ দিয়েছে বিএনপি। বুধবার কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেরিত ওই নোটিশে বিষয়টি প্রকাশ করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, এম এ মালিক বিদেশ থেকে দেশে আসা কিংবা যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সংখ্যক লোক সমাগম করেন। এতে বিমানবন্দরে যাত্রীদের চরম বিড়ম্বনায় পড়তে হয় এবং আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরুপ ঘটনার ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
দলীয় সূত্র থেকে আরও জানানো হয়, দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে এম এ মালিকের এমন কর্মকাণ্ড সাংগঠনিক নীতির পরিপন্থি। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং আজ বুধবার সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এম এ মালিক। এ সময় বিপুল সংখ্যক লোকজন তাকে সংবর্ধনা জানানোর জন্য উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন: পূজায় নাশকতার ষড়যন্ত্র করার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
