ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “কুমিরকে সর্দির ভয় দেখাবেন না। ১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর থেকে নানা ভয়ভীতি, হুমকি ও হামলার মুখে আমরা অভ্যস্ত। অনেক রক্ত দিয়েছি। এখন কোনো কিছুতেই ভয় পাই না। কুমিরকে ভয় দেখিয়ে লাভ নেই। কুমির পানিতেই থাকে, আমাদের আবার পানিতে নামাবেন কী?”
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় বাঞ্ছারামপুর আসনে হাতপাখা প্রতীকে হাফেজ কাজী মোহাম্মদ আলীকে প্রার্থী ঘোষণা করেন চরমোনাই পীর।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি সামসুল হক সুমন। বক্তব্যে চরমোনাই পীর ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, “আপনি ওয়াদা করেছিলেন বিচার ও সংস্কার শেষে নির্বাচন দেবেন। এখন প্রথম দুটি বাদ দিয়ে কেন শুধুই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন?”
তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছে তারা দেশের সম্পদ বিদেশে পাচার করে কানাডাসহ নানা দেশে বেগমপাড়া গড়ে তুলেছে। গুম-খুনের রাজনীতি চালু করে দেশকে লজ্জাজনক অবস্থায় ঠেলে দিয়েছে। এসব অনাচারের মূল কারণ আল্লাহর আইন বাদ দিয়ে মানবসৃষ্ট কুফরি আইন চালু করা বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে গ্রিন সিগনাল দেবে বিএনপি
Find us on Facebook
