ডেস্ক রিপোর্ট: চুলের যত্নে এখন বাজারে নানা প্রসাধনী পাওয়া যায়। কিন্তু প্রকৃতির উপহার ‘জবা ফুল’-এর তুলনা হয় না। চুল পড়া রোধ থেকে শুরু করে ফলিকল মজবুত করা—সবক্ষেত্রেই জবা ফুল ও পাতার গুণ অনন্য।

চুলের জন্য জবা ফুল কেন উপকারী
জবা ফুলে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যা চুলে কেরাটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে। এই কেরাটিনই চুলকে করে মজবুত, উজ্জ্বল ও ঝলমলে।
এ ছাড়া জবা ফুল ও পাতার রস মাথার স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ায়, চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সহায়তা করে।
ঘরে তৈরি জবা ফুলের তেল
চুলে জবার উপকারিতা পেতে সবচেয়ে জনপ্রিয় উপায় হলো জবা ফুলের তেল।
প্রস্তুত প্রণালি:
কয়েকটি পাকা জবা ফুল বেটে আধা কাপ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলায় হালকা আঁচে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে রেখে দিন। গোসলের আগে আধাঘণ্টা মাথায় মেখে নিন, তারপর শ্যাম্পু করে ফেলুন।
অন্য একটি সহজ উপায় হলো আধা কাপ অলিভ অয়েলে তিনটি জবা ফুলের পাপড়ি মিশিয়ে কাচের বোতলে রেখে ১০ দিন রোদে রাখা। তারপর ব্যবহার শুরু করুন।
চুলের সমস্যা সমাধানে জবা ফুলের প্যাক
যাঁরা চুল পড়া বা খুশকির সমস্যায় ভুগছেন, তারা পাঁচটি জবা ফুল ও পাঁচটি পাতা বেটে আধা কাপ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করে ব্যবহার করতে পারেন।
এই প্যাক নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে, খুশকি দূর হয়, এবং চুলের ঘনত্ব বাড়ে।
অকালপক্বতা রোধে জবা ফুলের টনিক
অল্প বয়সে চুল পেকে যাওয়া অনেকের সাধারণ সমস্যা। জবা ফুলের পাপড়ি ফুটিয়ে তৈরি করা রস ব্যবহার করলে এই সমস্যা দূর হয়।
এক কাপ পানিতে কয়েকটি জবা ফুলের পাপড়ি ফুটিয়ে ঠাণ্ডা করে স্প্রের বোতলে ভরে রাখুন। প্রতিদিন গোসলের আগে চুলে স্প্রে করে আধাঘণ্টা পর ধুয়ে ফেললে চুল ধীরে ধীরে কালো হবে।
প্রদাহ ও খুশকি দূর করতে জবার প্যাক
চুলে ধুলা, দূষণ বা অতিরিক্ত খুশকির কারণে প্রদাহ ও চুলকানি দেখা দিলে কয়েকটি জবা ফুল ও পাতা সামান্য পানিসহ ঘন করে বেটে চুলে লাগান।
১৫ মিনিট পর ধুয়ে ফেললে মাথার ত্বক হবে সতেজ ও পরিষ্কার। এই প্যাক চুলের আর্দ্রতা ধরে রাখে এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।
নিয়মিত জবা ফুলের তেল বা প্যাক ব্যবহারে চুলের প্রাকৃতিক জেল্লা ফিরে আসে, চুল হয় ঘন ও মজবুত। পাশাপাশি মাথার ত্বকে তৈরি হয় এক ধরনের সুরক্ষা স্তর, যা ভবিষ্যতে চুলের ক্ষতি রোধ করে।
