ডেস্ক রিপোর্ট: মিষ্টি বা চিনিজাতীয় খাবার প্রায় সবারই পছন্দ। আনন্দের উপলক্ষ হোক কিংবা কোনো উৎসব—মিষ্টি ছাড়া যেন আমাদের আয়োজনই সম্পূর্ণ হয় না। তবে এই মিষ্টি স্বাদই অনেক সময় শরীরের জন্য হয়ে ওঠে ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, সম্পূর্ণভাবে চিনি বাদ দিতে না পারলেও এর ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনাই শ্রেয়।

চিনি খাওয়া বন্ধ করতে পারলে শুধু ডায়াবিটিসের ঝুঁকিই কমে না, বরং ঘুমের মানও উন্নত হয়। এতে কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং মানসিক সতেজতাও বজায় থাকে। বিশেষজ্ঞদের মতে, যারা ঘুমের সমস্যায় ভোগেন, তাদের জন্য চিনি কম খাওয়ার অভ্যাস হতে পারে কার্যকর সমাধান।
চিনিকে বলা হয় ‘হোয়াইট পয়জন’
চিনি থেকে শক্তি পাওয়া গেলেও এটি শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর শর্করা। ১ গ্রাম চিনি থেকে যেমন ৪ ক্যালরি শক্তি পাওয়া যায়, তেমনি ভাত বা আটাও সেই পরিমাণ ক্যালরি দেয়। তবে পার্থক্য হলো—চিনি রক্তে দ্রুত গ্লুকোজ ছাড়ে, যার ফলে তা দ্রুত চর্বিতে রূপ নেয় এবং শরীরে জমা হয়। ফলস্বরূপ ওজন, ট্রাইগ্লিসারাইড ও ফ্যাটিলিভারের ঝুঁকি বাড়ে।অন্যদিকে ভাত, আটা বা চাল শরীরে ধীরে শক্তি উৎপন্ন করে, ফলে ক্ষুধা দ্রুত আসে না এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়।
তাহলে কি চিনি একেবারেই বাদ দিতে হবে?
ডায়াবেটিস না থাকলে প্রতিদিন সর্বোচ্চ ৪–৫ চা চামচ পরিমাণ চিনি গ্রহণ করা যেতে পারে। সরাসরি চিনি বা চিনির শরবতের বদলে মাঝে মাঝে বিস্কুট, পিঠা বা পায়েসের মতো খাবারে অল্প চিনি খাওয়া যেতে পারে।তবে নিয়মিত চা–কফিতে চিনি বাদ দেওয়া এবং ফল বা দইয়ের মতো প্রাকৃতিক ডেজার্ট বেছে নেওয়া ভালো। অনেকেই সাদা চিনির পরিবর্তে লাল চিনি বা গুড় খাওয়ার পরামর্শ দেন, কিন্তু মনে রাখা উচিত—এগুলোর গ্লাইসেমিক ইনডেক্সও সাদা চিনির মতোই, তাই এগুলোকেও পরিমিত পরিমাণে খেতে হবে।
অতিরিক্ত চিনি খেলে যেসব ক্ষতি হয়
- অতিরিক্ত চিনি খেলে ওজন বাড়ে, যা ডায়াবিটিসসহ নানা রোগের ঝুঁকি বাড়ায়।
- চিনি চর্বিতে পরিণত হয়ে লিভারে জমে, ফলে লিভারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং সিরোসিসের আশঙ্কা তৈরি হয়।
- শরীরে চর্বি জমে ধমনির দেয়াল পুরু হয়, যার ফলে রক্তচাপ বেড়ে যায়।
- চিনি রক্তে ট্রাইগ্লিসারাইড ও এলডিএলের মাত্রা বাড়িয়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
- অতিরিক্ত চিনি খেলে বিষণ্নতা, পারকিনসন বা আলঝেইমারের মতো স্নায়ুরোগ দেখা দিতে পারে।
- চিনি ক্যানসারের কোষ বৃদ্ধিকে উসকে দেয় এবং চিকিৎসা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
চিনি শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি দিলেও তা খুব সীমিত পরিমাণেই দরকার। আধুনিক খাদ্যাভ্যাসে চিনি কমিয়ে আনলে ওজন নিয়ন্ত্রণে থাকে, ঘুম ভালো হয় এবং মনও থাকে প্রফুল্ল। মনে রাখবেন—চিনি যতটা মিষ্টি, এর প্রভাব ততটাই তিক্ত হতে পারে।
