
যশোরে জেলা জামায়াতের নেতাকর্মীরা পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় যশোর প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো অপরাধ বা জালিয়াতির সুযোগ থাকবে না। আগামী নির্বাচনে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন জরুরি।”
এছাড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল হাশিম রেজা ও শহর আমির অধ্যাপক শামসুজ্জামানসহ অন্যান্য নেতা মানববন্ধনে বক্তব্য রাখেন।
