ডেস্ক রিপোর্ট: খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকায় জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে সাগর শেখ (৪০) নামের এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। নিহত সাগর পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাগর গ্রীণবাংলা হাউজ এলাকার ফায়েক শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপসা উপজেলাধীন জাবুসার গ্রীণবাংলা হাউজ এলাকার বাসিন্দা সাগর বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ দাশ সাগর শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
