ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ইইউ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এই শোক জানানো হয়।
এতে বলা হয়, শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধুবান্ধব ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
এর আগে, হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। ভেরিফায়েড পেজে দেয়া এক শোকবার্তায় ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বাংলাদেশ সময় সাড়ে নয়টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।
