ডেস্ক রিপোর্ট: রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা শেষে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার মা বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ৩টা ৫০ মিনিটের দিকে গণসংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান। বেলা ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্য শেষে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন তারেক রহমান।
এর আগে তারেক রহমান ও তার স্ত্রী-সন্তানকে বহনকারী ফ্লাইট যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে এসে পৌঁছায় সকাল ৯টা ৫৬ মিনিটে। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা।
এছাড়াও তারেক রহমানের শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।
বিমানবন্দর থেকেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন তারেক রহমান। বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।
ভিআইপি লাউঞ্জে আনুষ্ঠানিকতা শেষ করে তারেক রহমান খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন। নিজের জন্য রাখা বিশেষ বুলেটপ্রুফ গাড়ি থাকলেও সেখানে না উঠে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা বাসে করে সংবর্ধনাস্থলের দিকে রওনা হন। বাস ঘিরে কঠোর নিরাপত্তা দেওয়া হয়। সেনা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি সামনে-পেছনে অবস্থান নেয়। তাকে বহনকারী লাল-সবুজ বাস ঘিরে রেখে হেঁটে হেঁটে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলে আসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে তারেক রহমান তার মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।
