টাঙ্গাইলে কিডনি রোগ বিষয়ক সেমিনার, স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর জোর
ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ বিষয়ক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মেলন কক্ষে রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি, রোটার্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী এবং মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি রোটারিয়ান মো. সামছুল আলম শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রোটারিয়ান অধ্যাপক ড. মো. নজমুস সাদেকীন।রিসোর্স পারসন হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন রোটারিয়ান অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ কায়সার এবং বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন।বক্তারা বলেন, অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও সচেতনতার অভাবে দেশে কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।
কিডনি রোগ প্রতিরোধে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সেমিনারের গুরুত্বও তুলে ধরা হয়।
