‘তেলিয়াপাড়া দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংস্কার চায় না—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি শুধু সংস্কারই চায় না, বরং তা বাস্তবায়নও করবে। আজ শনিবার দুপুরে হবিগঞ্জে ‘তেলিয়াপাড়া দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি সংস্কার চায় না—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। এটি জাতিকে বিভ্রান্ত করার একটি অপচেষ্টা। আমরা সংস্কার চাই এবং তা বাস্তবায়ন করব।” মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “কিছু মানুষ মুক্তিযুদ্ধকে খাটো করে দেখাতে চায়। আমি স্পষ্ট করে বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, গর্ব ও অস্তিত্ব।” ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন আমাদের ইতিহাসের আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়। আমরা এই আন্দোলনকে ধারণ করি।”
দলীয় শৃঙ্খলার বিষয়ে তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, “দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তাই বিএনপিতে কোনো দুর্নীতিবাজ বা খারাপ লোকের স্থান হবে না।” তিনি স্থানীয় সংসদ সদস্যদের প্রতি অবহেলিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ জি কে গাউস এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আমিনুল ইসলাম। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
বক্তারা বলেন, হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ স্মারক। এখানেই মুক্তিযুদ্ধ পরিচালনার প্রথম সুসংগঠিত সামরিক কৌশল প্রণয়ন করা হয় এবং যুদ্ধকে ১১টি সেক্টর ও তিনটি ব্রিগেডে বিভক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সূত্র: বাসস
