বরিশাল সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন
নিজস্ব প্রতিবেদক: বর্তমান জ্বালানি সংকট মোকাবিলা এবং যানজট নিরসনে বিভাগীয় ও মহানগর পর্যায়ের শহরগুলোতে অনলাইন ও অফলাইন (হাইব্রিড) শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। আজ মঙ্গলবার সকালে বরিশাল সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন এই তথ্য জানান।
জ্বালানি ও ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন ভাবনা
শিক্ষামন্ত্রী বলেন, “রাস্তায় যানবাহনের চাপ কমাতে পারলে এবং জ্বালানি রেশনিং ব্যবস্থা চালু করা গেলে তা বর্তমান পরিস্থিতিতে বড় সহায়ক হবে। তাই যানজটপ্রবণ মহানগরগুলোর স্কুলগুলোকে অনলাইন-অফলাইন পদ্ধতির আওতায় আনার চিন্তা করছি আমরা।” তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে দ্রুত ডিজিটালাইজ করার ওপরও গুরুত্বারোপ করেন।
দেশের জ্বালানি মজুদ প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে ৪৫ দিনের জ্বালানি তেল সংরক্ষিত আছে এবং আরও ৪৫ দিনের সংস্থান করার প্রক্রিয়া চলছে।
এসএসসি পরীক্ষা ও শিক্ষক নিয়োগে কড়াকড়ি
পরে বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক সভায় যোগ দেন মন্ত্রী। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি শিক্ষকদের প্রতি কঠোর নির্দেশনা দেন।
শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি বলেন, “এনটিআরসিএ (NTRCA) আগের সরকারের আমলে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। বর্তমানে প্রধান শিক্ষক নিয়োগ এবং শিক্ষক বদলি পুরোপুরি এনটিআরসিএ-এর অধীনে এনে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।”
৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের টাকা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “২০২২ সাল থেকে শিক্ষকরা তাদের পাওনা পাচ্ছেন না। বিগত সরকার এই খাতের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। আমরা এরই মধ্যে কাঠামোগত সংস্কার করেছি, তবে ফান্ডের ব্যবস্থা হয়তো আগামী বাজেটে সম্পন্ন হবে।”
পরীক্ষায় এখন ‘ডিজিটাল নকল’
বিকেলে বরিশাল সিটি কর্পোরেশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় পরীক্ষার হলগুলোতে নকলের ধরন পরিবর্তনের বিষয়ে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, “সনাতন পদ্ধতিতে কাগজের চিরকুটে নকল এখন প্রায় বন্ধ। তবে এখন নকলের ধরন বদলে গেছে। এখন ডিজিটাল মাধ্যম, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে নকলের চেষ্টা করা হচ্ছে।” এই সমস্যা সমাধানে সংসদে নতুন আইন পাস করা হবে বলেও তিনি জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মজিবর রহমান সারোয়ার, সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
সূত্র: বাসস
