তেহরান: ইরানের সামরিক বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, তাদের শত্রু পক্ষ যদি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে ইরান ‘আরও বিধ্বংসী’ প্রতিশোধ নেবে।
আজ সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-র টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে খতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র এই হুঁশিয়ারি দেন। বিবৃতিতে বলা হয়, “বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পুনরাবৃত্তি হলে আমাদের পরবর্তী পর্যায়ের আক্রমণাত্মক ও প্রতিশোধমূলক অভিযানগুলো হবে আরও অনেক বেশি বিধ্বংসী ও ব্যাপক।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করার হুমকি দেওয়ার পর তেহরানের পক্ষ থেকে এই পাল্টা হুঁশিয়ারি এল। হরমোজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের ওপর চাপ সৃষ্টি করতেই ট্রাম্প এমন কঠোর হুমকি দিয়েছেন বলে জানা গেছে।
