আইআরজিসি গোয়েন্দা প্রধান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান সোমবার এক হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, “আমেরিকান-জায়নবাদী (ইসরায়েলি) শত্রুদের সন্ত্রাসী হামলায়” তিনি প্রাণ হারিয়েছেন।
নিহত ওই কর্মকর্তার নাম মাজিদ খাদেমি। তিনি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়া ইরানের সর্বশেষ উচ্চপদস্থ সামরিক ব্যক্তিত্ব। এর আগে ২০২৫ সালে ইসরায়েলি হামলায় তার পূর্বসূরি নিহত হওয়ার পর খাদেমি এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
মাজিদ খাদেমি কয়েক দশক ধরে ইরানের নিরাপত্তা ব্যবস্থায় গোয়েন্দা ও কাউন্টার-এস্পিওনেজ (গুপ্তচরবৃত্তি বিরোধী) বিভাগে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করে আসছিলেন। আইআরজিসি-র এই গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি বাহিনীর ‘ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশন’-এর প্রধান ছিলেন। এই সংস্থাটি মূলত অভ্যন্তরীণ নজরদারি ও কাউন্টার-ইন্টেলিজেন্স তদারকি করে থাকে। এছাড়াও তিনি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সিনিয়র পদে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, আইআরজিসি-র গোয়েন্দা শাখা ইরানের অন্যতম শক্তিশালী নিরাপত্তা সংস্থা হিসেবে পরিচিত। বিদেশি শক্তির প্রভাব মোকাবিলা এবং অভ্যন্তরীণ নজরদারিতে এই সংস্থাটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে। অনেক ক্ষেত্রে এটি ইরানের বেসামরিক গোয়েন্দা মন্ত্রণালয়ের সমান্তরালে কাজ করে।
সূত্র: রয়টার্স
